ভারত নিউজ ২৪*৭
কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে নিউ টাউনের বুকে অত্যাধুনিক মানের উত্তম কুমার ফিল্ম সেন্টার তৈরির ঘোষণা করেছিলেন আজ তার ভূমি পূজা অনুষ্ঠান করলেন তিনি। আর সেখান থেকেই ঘোষণা করলেন আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্য সাংস্কৃতিক উপদেষ্টা পদে বসতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান চলছে কলকাতা জুড়ে। গতকাল ৩ সেপ্টেম্বর ছিল উত্তম কুমারের ১০০ তম জন্মবার্ষিকী। বাঙালির আবেগ উত্তম কুমার, বাংলা সিনেমার মুখ্য মুখ। টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান আলাদা করে বলার নয়। তাঁর রেখে যাওয়া ছবিগুলি যুগ যুগ ধরে বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর পর্দার উপস্থাপনা, অনবদ্য অভিনয়, রোমান্স সবটাই সব বয়সের বাঙালির মণিকোঠায় বিদ্যমান। যাই হোক, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরোধে কলকাতায় মহানায়কের জন্মশতবার্ষিকী চারদিন ধরে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাজারহাট নে ওটা অনেক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার তৈরি করবে অত্যাধুনিক মানের উত্তম কুমার ফিল্ম সেন্টার। ৫ সেপ্টেম্বর শিশির মঞ্চে ‘নায়িকাদের চোখে উত্তম কুমার’ ও ‘অ্যাক্টিং অফ উত্তম কুমার’ শীর্ষক দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আর ৬ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে বিশেষ মিউজিক্যাল শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজারহাটের নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো। শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রসেনজিত, যীশু সেনগুপ্ত, রুপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, রাজারহাটের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, অর্জুন সিং-সহ আরও অনেকে। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই জানালেন, রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি জানালেন, ‘প্রসেনজিত চট্টোপাধ্যায় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে সবাই বলেছিলেন তিনি রাজনীতিতে নামছেন। কিন্তু একেবারেই তা নয়, বরং নতুন সরকারের আমলে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী যাতে সুন্দরভাবে পালন করা হয়, সেই অনুরোধ নিয়ে তিনি আমার কাছে এসেছিলেন। আমাকে একজন বলেছিলেন, উত্তম কুমার যখন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনেও জন্মাষ্টমী ছিল, সেটা উল্লেখ করতে। উত্তম ফিল্ম সেন্টার গঠনের জন্যে রাজ্য সরকারের তরফ থেকে ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষা শেষ হলে কাজ শুরু হবে। ইন্ডাস্ট্রির লোকেরা মাঝেমাঝে এসে কাজের দেখাশোনা করবেন।’
মহানায়কের জন্মতিথি স্মরণ করে তিনি জানান, তিথি অনুসারে ৩ তারিখ জন্মাষ্টমীর দিন উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন। শুভেন্দু অধিকারীর কথায়, ‘আমি নিজে সব সময় সময় দিতে পারি না, তবে আমার বোন পূর্ণিমা চক্রবর্তী (প্রতিমন্ত্রী) পুরো বিষয়টি দেখাশোনা করছেন।’ পাশাপাশি বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের অদম্য উৎসাহকে তাঁদের কাজের বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।
কি কি থাকবে উত্তম কুমার ফিল্ম সেন্টারে
এই মেগা প্রকল্পের রূপরেখা স্পষ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সেন্টারের জন্য আপাতত ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই জমির সয়েল টেস্ট ও সাইট সিলেকশন শেষ। পুরো কমপ্লেক্সটি মূলত তিনটি ভাগে তৈরি হবে। প্রথম ভাগে থাকবে প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট, পার্কিং ব্যবস্থা এবং ৭৫০ আসনের দুটি আধুনিক সিনেমা হল দ্বিতীয় ভাগে তৈরি হচ্ছে ১০০০ আসনের একটি সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ এবং সঙ্গে একটি ওপেন থিয়েটার। তৃতীয় অংশে থাকছে আধুনিক ল্যাব ও অ্যানিমেশন স্টুডিও সহ একাধিক যুগোপযোগী সুবিধা।
রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা মিঠুন
অনুষ্ঠানে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কালচারাল অ্যাডভাইজার বা সাংস্কৃতিক উপদেষ্টা করা হতে চলেছে। মহানায়কের জন্মশতবার্ষিকী কমিটির সঙ্গে নবান্নে আরও একবার বৈঠক সেরে নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, ‘সব জায়গায় নাক গলানো আমাদের কাজ নয়। যাঁদের যেটা কাজ, তাঁদের নিয়েই তা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আজ থেকে দু’শো বছর পর আমরা হয়তো কেউ থাকব না, কিন্তু এমন কিছু সৃষ্টি করে রেখে যেতে হবে যা বাংলা ও বাঙালি আজীবন মনে রাখবে।’













































