“অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী” ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারত নিউজ ২৪*৭
পশ্চিমবঙ্গের অগ্নিবীরদের জন্য সুখবর। তাদের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতো কাজ করানো হবে বলে আজ, রবিবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে একটি প্রকল্পও শুরু করছে রাজ্য সরকার। এদিন এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
গার্ডেনরিচ থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে। আমরা তারাতলার বিপর্যয় থেকে শিক্ষা পেয়েছি। সেই সময়ে দেখেছি বিপর্যয় মোকাবিলা বাহিনী কীভাবে কাজ করেছে। তাঁদের চেষ্টাতেই ২২ জন লোককে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। কলকাতা পুলিশও ভাল কাজ করেছে। ভবিষ্যতে এইধরণের পরিস্থিতির সঙ্গে লড়তে আমরা নিজেদের একটি দক্ষবাহিনী গড়ে তুলব। সেই বাহিনীর নাম দেওয়া হয়েছে অর্জুন বাহিনী। এই বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে সেই নতুন প্রকল্পের উদ্বোধন করব আমি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মোট ২০০ জন অগ্নিবীর-দের নেওয়া হবে অর্জুন বাহিনীতে। তবে এখনই তাঁদের পাচ্ছি না। প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে কথা বলেছি, আগামী বছরের জানুয়ারি মাসে প্রথম ব্যাচ চলে আসবে। তারপরেই অর্জুন বাহিনীতে নিয়োগ করা হবে অগ্নিবীরদের। ততদিন পর্যন্ত সৈনিক বোর্ড থেকে কিছুজনকে নেওয়া হচ্ছে অর্জুন বাহিনীর জন্য। ২০০ জন অগ্নিবীরকে নিয়ে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। ১০০ জন থাকবে শহরে। ৫০ জন পাহাড়ে। আর বাকি ৫০ জন অগ্নিবীর থাকবে কাকদ্বীপে।
এরা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে মিলে কাজ করবে। আপনারা আগেই দেখেছেন কর্মী সঙ্কটে ভুগছে আমাদের রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমফানের সময়ে তিনদিন ধরে শহরে বড় বড় গাছ পড়েছিল। ওড়িশা থেকে লোক আনতে হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই দিকেই নজর দিচ্ছি।’
















































