নিউ আলিপুরে চাপে ফিরহাদ হাকিম, দুই সংস্থার অফিসে তল্লাশি; পুলিশের সঙ্গে দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকরা
ভারত নিউজ ২৪*৭
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ‘ভালো তৃণমূল ‘ হয়েও লাভ হল না। কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের দু’টি সংস্থার অফিসে তল্লাশি চালানোর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল৷ বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের কয়েক জন সদস্য নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় ওই দুই সংস্থার দফতরে হানা দেন। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী ‘হাকিম পলিমেকার’ এবং হাকিম কেমিক্যালস’-এর মালিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি রাজনৈতিক মহলে ববি নামেই পরিচিত।
বৃহস্পতিবার নিউ আলিপুরের ওই দু’টি অফিসে তল্লাশি চালান প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের তিন সদস্যের একটি দল৷ তাদের সঙ্গে ছিল পুলিশও। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, যে দু’টি সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়েছে, সেগুলি হল ‘হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘হাকিম কেমিক্যালস’৷ নিউ আলিপুরে অবস্থিত সংস্থাগুলির অফিসে এদিন বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি ও নথিপত্র খতিয়ে দেখার কাজ চলে৷ তল্লাশি ঘিরে এলাকায় পুলিশের উপস্থিতিও খেয়াল করা যায়৷
সংস্থাগুলির ওয়েবসাইটেও প্রতিষ্ঠাতা হিসেবে ফিরহাদ হাকিমের নাম উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে৷ সেই কারণে তল্লাশির খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷ তল্লাশি চলাকালীন সংস্থার বিভিন্ন নথি, কাগজপত্র এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হয়েছে বলে সূত্রের খবর৷ তবে ঠিক কোন অভিযোগ বা কোন নির্দিষ্ট মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে, তা নিয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
তল্লাশি অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের তিন সদস্যের পাশাপাশি পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷ ফলে অভিযানের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল৷ তবে তল্লাশিতে ঠিক কী কী নথি বা তথ্য হাতে এসেছে, সে বিষয়েও এখনও কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি৷ এদিকে, গোটা ঘটনা নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি তল্লাশি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি৷ ফলে তদন্তকারী দলের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।














































