ভারত নিউজ ২৪*৭
পর্যাপ্ত নয় অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাম্প্রতিক ফায়ার অডিটে এমন তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নোটিশ দিলেও দমকল দপ্তর। অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় একাধিক ঘাটতির অভিযোগ তুলে ওই বহুতলের বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে দমকল দফতর। বৈধ অগ্নিনিরাপত্তা শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই অংশগুলি ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে। দমকলের সাম্প্রতিক পরিদর্শনের পরেই এই নির্দেশ সামনে এসেছে। সূত্রের খবর, ভবনটির অগ্নিসুরক্ষা সার্টিফিকেটের নবীকরণের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এরপরেও তা পুনর্নবীকরণ না হওয়ায় অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দমকলের নোটিসে সংশ্লিষ্ট অংশগুলিকে ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
গত ৩১ অগস্ট ক্যামাক স্ট্রিটের ওই অফিসে কলকাতা পুলিশ ও দমকলের একটি দল যৌথ পরিদর্শন চালিয়েছিল। ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব পরিকাঠামোর মিল রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হয়। সেই পরিদর্শনে বেশ কিছু ত্রুটির ধরা পড়ে। অভিযোগ, ভবনের ড্রাইভওয়ের উপর অনুমোদনহীন ধাতব কাঠামো ও টিনের ছাউনি তৈরি করা হয়েছে, যার ফলে প্রয়োজনে দমকলের গাড়ি চলাচলে বাধা তৈরি হতে পারে। সপ্তম তলার ক্যাফেটেরিয়া এলাকায় অনুমোদনহীন এলপিজি সিলিন্ডার মজুত থাকার বিষয়টিও পরিদর্শকদের নজরে আসে।
এছাড়াও, অগ্নিসংকেত ও আগুন শনাক্তকরণ ব্যবস্থা ঠিকমতো কাজ না করা, ফায়ার পাম্পের রক্ষণাবেক্ষণে সমস্যা এবং সপ্তম তলার রাইজারে পর্যাপ্ত জল না থাকার মতো অভিযোগও সামনে এসেছে। জরুরি পরিস্থিতিতে বেরনোর পথ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মালিক ও ভাড়াটিয়াদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দমকলের কাছে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। নিয়ম না মানা হলে অফিসের সংশ্লিষ্ট অংশ খালি করে সিল করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও নোটিসে ইঙ্গিত দেওয়া হয়। তারপরেই শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট অফিসগুলি খালি করার নির্দেশ দেওয়া হল।













































