ভারত নিউজ ২৪*৭
এখনো ঘোষণা হয়নি কলকাতা পুরসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগেই কলকাতা পুরসভার বিদায়ী তৃণমূল পুর বোর্ডের দুর্নীতি নিয়ে অ্যাকশন শুরু করে দিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। গত বৃহস্পতিবার কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ফিরহাদ হাকিমের দু’টি সংস্থায় হানা দিয়েছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন।
এবার বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিলেন তাঁরা। শনিবার প্রাক্তন কাউন্সিলর অলকানন্দা দাসের বাড়িতে হানা দেয় কমিশনের একটি বিশেষ টিম। প্রসঙ্গত, তৃণমূল আমলে বহুবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।
পালাবদলের পরেই সেগুলির তদন্তের জন্য একটি কমিশন তৈরি করেছে বিজেপি সরকার। সেই তদন্ত কমিশনের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। খাদ্য, শিক্ষা, পুরসভা সহ নানা ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন গঠন করা হয়েছে। এবার আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিলেন কমিশনের সদস্যরা।
কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন অলকানন্দা। তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ছিল। এদিন বেলার দিকে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশনের একটি বিশেষ টিম অলকানন্দার বাড়িতে হাজির হয়।
জানা গিয়েছে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি গিয়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির নথিপত্র, আয়ের উৎস ও দুর্নীতির টাকায় ওইসব সম্পত্তি কেনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। দুর্নীতির সঙ্গে ওই সম্পত্তির কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয় বলে খবর।
এর আগে নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের মালিকানাধীন দুটি সংস্থা – ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এর দফতরেও অভিযান চালিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা। ওই সংস্থা দুটিতে বেআইনি লেনদেন বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির আর্থিক যোগসূত্র রয়েছে কিনা, তার তদন্ত করতেই সেই তল্লাশি চালানো হয়েছিল।













































