Suvendu Flood Visit : দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ফেরাতে হলো মুখ্যমন্ত্রীর কপ্টার
ভারত নিউজ ২৪*৭
দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শ্রম দফতরের তরফে উত্তরবঙ্গের চা-বাগানগুলির জন্য এই বোনাস দেওয়া হবে। ৫ অক্টোবরের মধ্যে টাকা দেওয়ার বিষয়ে কাজ চলছে বলে জানা গিয়েছে।
তবে আজ উত্তরবঙ্গের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে বেরোলেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের জন্য কালিম্পং আকাশে চক্কর কাটার পরে ফিরে আসতে হয় তাঁকে। এদিন মুখ্যমন্ত্রীর কপ্টারে করে কালিম্পং যাওয়ার কথা থাকলেও, ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে তা শিলিগুড়িতে ফিরে আসে। এরপর তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উত্তরকন্যার প্রশাসনিক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উত্তরের ভারী বৃষ্টি, ধস, তিস্তার বর্তমান অবস্থা এবং মালদহের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উত্তরবঙ্গের চাষ শ্রমিকদের পাশে যে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার দাঁড়াবে তা বিজেপির সংকল্প পত্রেই ঘোষণা করা হয়েছিল। রাজ্যের ২০২৬-২৭ সালের বাজেট নথিতেও উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের বোনাসের প্রসঙ্গ রয়েছে। সেখানে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ফলে প্রায় ২.৫৭ লক্ষ চা-বাগান শ্রমিক উপকৃত হবেন বলে জানানো হয়। শুধু বোনাস নয়। বন্ধ হয়ে থাকা চা-বাগান খোলার বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা শ্রমিক পরিবারগুলির মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। চা-শিল্প উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বহু পরিবার সরাসরি এই শিল্পের উপর নির্ভরশীল। তাই বাগান চালু রাখা, শ্রমিকদের বেতন-বোনাস মেটানো এবং তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলাদা করে গুরুত্ব দিচ্ছে সরকার।
রাজ্যে পালাবদলের পর জিটিএ দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিগত তৃণমূল সরকারের আমলে জিটিএ-তে হওয়া দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। ১১টি বোর্ডের টাকা নয়ছয় থেকে শুরু করে পাহাড়ে পানীয় জল ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি, লুটের টাকাও উদ্ধার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনার মাঝে জিটিএ-র বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ প্রসঙ্গে সরব হন শুভেন্দু। তাঁর কথায়, ‘জিটিএ-তে যে সমস্ত দুর্নীতি হয়েছে, তার কোনওটাকেই আমরা ছাড়ব না।’ তাঁর দাবি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যে তদন্ত কমিটি গড়া হয়েছে, তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তদন্তের পরিধি বোঝাতে কমিটির গঠন ও সাম্প্রতিক তৎপরতার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এবং আইপিএস আধিকারিক কালিয়াপ্পন জয়রমনের কার্যকরী সদস্য হিসাবে ওই কমিটি কাজ করছে। দু’জনেই পাহাড় ও উত্তরবঙ্গের সংশ্লিষ্ট এলাকায় গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। পাহাড়ের মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, শিক্ষক নিয়োগ থেকে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প- যে ক্ষেত্রেই দুর্নীতির প্রমাণ মিলবে, কাউকে রেয়াত করা হবে না। বিশেষ করে কালিম্পংয়ের বাসিন্দাদের উদ্দেশে তাঁর বার্তা, ‘নিশ্চিন্তে থাকুন, যারা দুর্নীতি করেছে তাদের একজনকেও ছেড়ে দেওয়া হবে না।’
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যার বৈঠকে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান এবং দুর্নীতির কথা তুলেছিলেন। পাহাড়ের সার্বিক উন্নয়নই যে বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য, তা এদিন বারবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যে জিটিএ-র বাজেট দ্বিগুণ করা হয়েছে। এছাড়া, কালিম্পংয়ে একটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণাও করেছেন তিনি, যার জন্য খুব শীঘ্রই ভূমিপুজো সম্পন্ন হবে। পাশাপাশি, গত বছর পুজোর সময় মিরিকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারের হাতে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দিয়েছে বর্তমান রাজ্য সরকার।













































