Suvendu Durgapuja: দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা সরকারি অনুদান, বৈঠকে একগুচ্ছ শর্ত জানাল রাজ্য
ভারত নিউজ ২৪*৭
পূর্বতন সরকারের আমলে যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়া শুরু করেছিলেন সেই পরম্পরা বজায় রেখে পূজোর কমিটি গুলিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সাইনসিটির কাছে মিলন মেলা ময়দানে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার পাশাপাশি তাদের জন্য বেঁধে দেন একগুচ্ছ শর্ত। পাশাপাশি সরকারি বিজ্ঞাপনে যেভাবে দেবী দুর্গার ১১ হাতের ছবি দেওয়া হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নেন বাংলার মানুষের কাছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, (দুর্গাপুজোয়) সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে..প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন, সেটা রাজ্যের জন্য ভাল ছিল না। ‘এরপরেই গতবার ঠিক কেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় অনুদান ঘোষণা করেছিলেন, তার অনুকরণ করে তীব্র আক্রমণ শানিয়েছেন এদিন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এটা ঠিক নয়, সরকারের যেটা দায়িত্ব, সেটা সরকার পালন করবে। কিন্তু ভোটে তো কোনও লাভ হয়নি। অনেকেই নির্ভরশীল হয়ে গিয়েছেন। গ্রামীণ এলাকাতে..অনেক জায়গা বিজেনেস নেই, ইন্ডাস্ট্রি নেই, আমি মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করতে চাই না। আমি নির্দেশ দিতে চাই না। আমি ব্যবস্থাটা রাখছি। ..আমি দেখতে চাই, কারা আমার আপিলটা (আবেদন) গ্রহণ করেন। আমি বড় বাজেটের বা সক্ষম বাজেট যাদের, তাঁদের বলব আপনারা, পুজোতে সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না। নেওয়াটা অপরাধ বলব না, যাদের এই টাকাটা না হলে, পুজো করতে পারবেন না, তাঁদের জন্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে।’
তবে অনুদানের অঙ্ক কমালেও অন্যদিক থেকে পুষিয়ে দিয়েছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোগুলিকে বিদ্যুৎ মাশুল বাবদ ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ব্যাপারে তিনি ডব্লিউবিএসিডিসিএল ও সিইএসই-র সঙ্গে কথা বলে নিয়েছেন। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে শহরের পুজো কমিটিগুলির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আসন্ন দুর্গাপুজো নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ দিনের বৈঠক থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, মাতৃপক্ষ সূচনার আগে অর্থাৎ মহালয়ার দিনটির পূর্বে কোনও পুজো মণ্ডপ বা প্রতিমার উদ্বোধন করা যাবে না। পাশাপাশি এ বছর রাজ্য সরকারের পক্ষ থেকে ‘কার্নিভাল’ আয়োজন করা হবে না বলেও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তবে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী ‘শারদ সম্মান’ প্রদান অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে। রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই পুজো কমিটিকে দেওয়া সরকারি অনুদান নিয়ে বিস্তর জল্পনা চলছিল। পূর্বতন তৃণমূল সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব পিছু ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলেন, যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বিগত ২০২৫ সালে দাঁড়ায় ১ লক্ষ ১০ হাজার টাকায়। সরকার পরিবর্তনের পর বর্তমান মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, অর্থনৈতিক নীতি মেনে বড় বাজেটের ক্লাবগুলিকে এই সহায়তা দেওয়া নাও হতে পারে। এ দিনের বৈঠকে সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সব পুজো কমিটিকে সরকারের তরফে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় বাজেটের ক্লাবগুলির উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বড় বাজেটের পুজো কমিটিগুলির কাছে আবেদন, আপনারা এই সরকারি সাহায্য নেবেন না। আপনারা নিজেরা উদ্যোগী হয়ে তা ছেড়ে দিলে আমি আপনাদের ধন্যবাদ জানাব।’
ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন নিয়ে ক্ষমাপ্রার্থনা
পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞাপনের দেবী দুর্গার ছবি বিতর্কের জন্ম দিয়েছে। সোমবার তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে প্রকাশ করা ওই বিজ্ঞাপনের ছবিতে দেখা যায়, দুর্গার ১১টি হাত। এরপরই প্রশ্ন তুলতে শুরু করে সব রাজনৈতিক দল। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতা শুরু করেন ওই ‘বিতর্কিত’ বিজ্ঞাপনের প্রসঙ্গ নিয়ে। তিনি বলেন, ‘আজকের একটা ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন বেরিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’ একই সঙ্গে জানান, যাঁরা এই বিজ্ঞাপনের দায়িত্বে ছিলেন, তাঁদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। পাশাপাশি, এই সব ক্ষেত্রে ভবিষ্যতে সরকার আরও যত্নবান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ধুলিয়ানে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিআইডি
মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি সমর্থক সুজিত মণ্ডলের খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও এ দিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সামশেরগঞ্জ থানার আইসি সহ দুই আধিকারিককে সাসপেন্ড করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শাস্তিমূলক বদলি করা হয়েছে ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিনকে। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সুরিন্দর সিংকেও সতর্ক করা হয়েছে।













































