Suvendu Old Age Pension: প্রতিশ্রুতি পূরণ শুভেন্দুর, ৬৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হল ১,৫০০ টাকা
ভারত নিউজ ২৪*৭
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্তত ৬৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠালেন মাথাপিছু ১৫০০ টাকা। এতদিন মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা পাওয়া উপভোক্তাদের এবার থেকে দেওয়া হবে ১,৫০০ টাকা। প্রশাসনের তরফ থেকে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ৬৮ লক্ষেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী জানান, বিশেষ ভাবে সক্ষম মহিলারা শুধু প্রতিবন্ধী ভাতা পাবেন তা নয়, ২৫ থেকে ৬০ বছর বয়সিরা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মোট সাড়ে চার হাজার টাকা করে পাবেন। বিজেপি সরকারের আমলে রাজস্ব আদায় অনেকটাই বেড়েছে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘এই সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিগত অর্থবর্ষের তুলনায় ১৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।’
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুবিকাশ দপ্তরের অধীনে পরিচালিত একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পকে এই বৃদ্ধির আওতায় আনা হয়েছে। ন্যাশনাল ওল্ড এজ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন- এই তিনটি প্রকল্পের আওতায় প্রায় ২০ লক্ষ ৫০ হাজার উপভোক্তা রয়েছেন। এতদিন তাঁরা মাসে ১,০০০ টাকা করে পেতেন। নতুন সিদ্ধান্তে সেই ভাতা বেড়ে হচ্ছে ১,৫০০ টাকা। এই তিনটি প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়ন রয়েছে। এতদিন ১,০০০ টাকার মধ্যে কেন্দ্রের অংশ ছিল ৬০০ টাকা এবং রাজ্যের অংশ ৪০০ টাকা। মুখ্যসচিবের কথায়, ভাতা ৫০০ টাকা বাড়ানোর পর অতিরিক্ত অর্থের পুরো দায় রাজ্য সরকার বহন করবে। ফলে মোট ১,৫০০ টাকার মধ্যে কেন্দ্রের অংশ ৬০০ টাকা এবং রাজ্যের অংশ বেড়ে ৯০০ টাকা হবে।
অন্যদিকে, নারী ও শিশুবিকাশ দফতরের অধীনে থাকা সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রায় ৪৭ লক্ষের বেশি উপভোক্তার ভাতাও ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। এই প্রকল্পের সম্পূর্ণ আর্থিক দায় রাজ্য সরকারের। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর বছরে প্রায় ৬,০০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে। সব মিলিয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে রাজ্যের মোট বার্ষিক ব্যয় প্রায় ১৫,০০০ কোটি টাকায় পৌঁছতে পারে। আর্থিক চাপ থাকা সত্ত্বেও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর বছরে প্রায় ৬,০০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে। সব মিলিয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে রাজ্যের মোট বার্ষিক ব্যয় প্রায় ১৫০০০ কোটি টাকায় পৌঁছতে পারে। আর্থিক চাপ থাকা সত্ত্বেও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে ভাতা বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রকল্পের অর্থ যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছয়, তা নিশ্চিত করতে শুরু হয়েছে ব্যাপক উপভোক্তা যাচাই প্রক্রিয়া। প্রশাসনের হিসাবে, রাজ্যের প্রায় ৭১ লক্ষ উপভোক্তার মধ্যে জনকল্যাণ শিবিরগুলিতে পাঁচ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। আবেদন এবং বিদ্যমান তালিকা ধরে চলছে গ্ৰাউন্ড লেভেল ভেরিফিকেশন প্রক্রিয়া। এই যাচাই প্রক্রিয়ায় মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া উপভোক্তা, দীর্ঘদিন অনুপস্থিত থাকা ব্যক্তি অথবা ভুয়ো পরিচয়ে সুবিধা নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। তবে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনও নাম বাদ দেওয়া যাবে না- এই বিষয়ে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কোনও উপভোক্তা প্রকৃতপক্ষে অযোগ্য, মৃত বা অস্তিত্বহীন- এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ রয়েছে। শহরাঞ্চলেও চলছে একই ধরনের যাচাই। রাজ্যের ১২১টি পুরসভা এবং ৭টি পুরনিগম এলাকায় প্রায় ৪ লক্ষ ৪৩ হাজার ৫২১ জন উপভোক্তার তালিকা রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের, অর্থাৎ প্রায় ২ লক্ষ ৮৬ হাজার ৯৪৯ জনের সমীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৫ হাজার অযোগ্য উপভোক্তার সন্ধান মিলেছে। সম্পূর্ণ সমীক্ষা শেষ হলে এই সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছতে পারে বলে প্রশাসনের প্রাথমিক অনুমান। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘সেখানে এক জন পুরুষ বিধবা ভাতা নেওয়ার জন্য গ্রেফতার হয়েছেন। এই সব জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রেও বয়স ভাঁড়িয়ে ভুয়ো শংসাপত্র দিয়ে ভাতা নিচ্ছেন অনেকে।’
প্রধানমন্ত্রীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার টাকা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার অগস্টের টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকেরা। মুখ্যমন্ত্রী জানান, ১ কোটি ৪৮ লক্ষ মহিলাকে এই টাকা দেওয়া হবে। আবার নভেম্বর-ডিসেম্বরে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনের সুযোগ মিলবে।













































