ভারত নিউজ ২৪*৭
বুদ্ধদেব ভট্টাচার্য তো একবার বলেছিলেন যে মাদ্রাসার আড়ালে কী কাজ চলছে। কিন্তু সেদিন পার্টির চাপের কাছে নতি স্বীকার করে তিনি তাঁর অবস্থান বদল করেছিলেন। রাজ্যজুড়ে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ জারির জেরে বিতর্কের প্রেক্ষিতে এভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ তুলে ধরে সিপিএমের দলীয় নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
যদিও তৃণমূলের অভিযোগ, রাজ্যে দুই বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সিপিএমকে বেশি করে আক্রমণ শুরু করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই আক্রমণের উপরে ভরসা করেই নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চালাচ্ছে বাংলার সিপিএম।
এবারে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েও তাই বিগত সিপিএম সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন রাজ্য বিজেপির সভাপতি। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার যেভাবে ২৫২ মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে তা নিয়ে বিতর্কের কোন অবকাশ থাকা উচিত নয় বলে দাবি করে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এই খারাজি মাদ্রাসাগুলি বন্ধ করা উচিত ছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করে তিনি জানান, বুদ্ধবাবুও বলেছিলেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই বামফ্রন্টের চাপে নতি স্বীকার করতে হয় তাঁকে। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা যদি সেদিন বামফ্রন্ট শুনত তাহলে সীমান্তবর্তী জেলায় এই অবস্থা তৈরি হত না।













































