ভারত নিউজ ২৪*৭
‘তৃণমূলের কোনও কাউন্সিলর টিকিট পাবে না বিজেপির তরফে। ওনাদের শুভ বিজয়া জানাচ্ছি।’ আসন্ন পুর নির্বাচনের আগে এভাবেই বিজেপির দলীয় অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আসন্ন কলকাতা, হাওড়া সহ বাকি পুরসভা গুলিতে ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। তার মধ্যেই তৃণমূলের বিদায়ী কাউন্সিলরদের মধ্যে অনেকেই বিজেপির টিকিট পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
যদিও বিজেপির তরফে নির্দিষ্ট মাপকাঠি ঠিক করে দেওয়া হয়েছে। দুর্নীতিগ্রস্ত, তোলাবাজিতে অভিযুক্ত, কালিমালিপ্ত নেতাদের দেওয়া হবে না টিকিট। ভিন্ন দল থেকে বিজেপিতে এলেও টিকিট তাঁরাই পাবেন, যাঁদের স্বচ্ছভাবমূর্তি রয়েছে ও জেতার ক্ষমতা রয়েছে। এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পুরভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তারপরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে তৃণমূল থেকে কাউকে টিকিট দেওয়া হতে পারে। কয়েকদিন আগেই কানাঘুষো শোনা যায়, দেবলীনা কুমার, জুঁই বিশ্বাস, অনন্যাদের টিকিট দিতে পারে বিজেপি।
কলকাতা ও হাওড়া পুরভোটে বিজেপির হটে কারা ভোটে লড়বেন, সেই বিষয়ে চূড়ান্ত বৈঠক করবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আজ, বৃহস্পতিবার রাতে শহরে আসছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আগামিকাল শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। সেখানে আসন্ন পুরনির্বাচনে প্রার্থী তালিকা, প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন তিনি।
সব ঠিক থাকলে অক্টোবরেই হাওড়া ও কলকাতার পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। তবে জল্পনা যতই ছড়াক তৃণমূল থেকে কোনো কারণ ছিল রাতারাতি বিজেপিতে নাম লিখে টিকিট পাবে না বলেই দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য টালা প্রত্যয়ের মণ্ডপে গিয়ে বলেন, ‘তৃণমূলের কোনও কাউন্সিলর টিকিট পাবে না বিজেপির তরফে। ওনাদের শুভ বিজয়া জানাচ্ছি। মানুষ নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছে। রাজ্যে ক্ষমতায় এনেছে শুধুমাত্র জামার পরিবর্তন নয়, ভিতরের মানুষটার পরিবর্তনের জন্য। সংসদীয়, গণতান্ত্রিক ও রাজনৈতিক বিষয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই চূড়ান্ত। আমি আমার বিধায়কদের কার্যকলাপ সম্পর্কে কথা বলতে পারি। তারা কি করছেন কি করবেন সেটা নিয়ে মন্তব্য করতে পারি রাজ্য সভাপতি হিসেবে। তবে বিধানসভার ভিতরের বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য চূড়ান্ত। বাকি কোন দলের কে আছে কে থাকবে না থাকবে সেটা নিয়ে আমি মন্তব্য করতে পারব না।’ অর্থাৎ তৃণমূলের টিকিটে জেতা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, দেবলীনা কুমার, দেবলীনা বিশ্বাসদের জন্য দরজা খুলছে না বিজেপি, এটা স্পষ্ট।
















































