ভারত নিউজ ২৪*৭
সামনেই দুর্গা পুজো। তার আগেই রাজ্যের বনকর্মীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গ জুড়ে বড়সড় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।
মঙ্গলবার সকালে ময়দানের পাশে মোহরকুঞ্জে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশ রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে ম্যানগ্রোভের প্রয়োজনীয়তার কথা। একইসঙ্গে বনকর্মীদের সুখবর শুনিয়ে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বেতনও বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আকাশের থেকে বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনাদের ভয় লাগবে। পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গিয়েছে। আর নিউটাউন, কলকাতা পার করলেই সবুজের সুবাস পাওয়া যায়। তাই সিটি অফ জয়’কে বাঁচাতে চাইলে প্রচুর গাছ লাগাতে হবে। গোসাবা, হিঙ্গলগঞ্জ, টাকিতে রীতিমতো ম্যানগ্রোভের ধ্বংসলীলা চালানো হয়েছে। এই জায়গাগুলিতে বনের জমি দখল করে ইট ভাঁটা, টালি ভাঁটা বানিয়েছে। এই ম্যানগ্রোভ ছিল প্রাকৃতিক রক্ষাকর্তা। সাইক্লোন, কোটালের সময় এগুলোই রক্ষা করত। তাই আমরা সুন্দরবনে শীতকালে ৩ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি।’
বনকর্মীদের বেতন বৃদ্ধি
মোহরকুঞ্জ থেকে এদিন পশ্চিমবঙ্গের বনকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বনকর্মীদের জন্য ভালো খবর রয়েছে। এবার অক্টোবর মাসে পড়েছে দুর্গাপুজো। বর্তমানে ৫০০ জন রেঞ্জার আছেন। তাঁদের অক্টোবর মাস থেকেই ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করছি। বিট অফিসার রয়েছেন ৫০০ জন। তাঁদেরও ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে। ফরেস্ট গার্ড রয়েছেন ৬৫০ জন, তাঁদের ৫০০০ হাজার টাকা বেতন বৃদ্ধি করছি। এছাড়াও বন সহায়ক রয়েছেন ১৫০০ জন। তাঁরা মাত্র ১০,০০০ টাকা পান। তাঁদের ২০০০ টাকা বেতন বৃদ্ধি করে ১২ হাজার টাকা বেতন করে দেওয়া হল। অক্টোবর মাস থেকেই আপনারা এই সুবিধা পাবেন।’
মাতঙ্গিনী বাহিনী এবং রানি রাসমণি বাহিনী
কলকাতা পুলিশে প্রতিটি থানায় এবার দু’টি করে বাহিনী, মাতঙ্গিনী বাহিনী এবং রানি রাসমণি বাহিনী তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার দুই ঐতিহাসিক বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বাহিনী দু’টির নাম রাখা হচ্ছে, ‘মাতঙ্গিনী হাজরা উইমেন এসপিআরএফ ব্যাটালিয়ন’ এবং ‘রানি শিরোমণি উইমেন এসপিআরএফ ব্যাটালিয়ন’। মঙ্গলবার এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহিলাদের ওপর কোনও রকমের অত্যাচার আর বরদাস্ত নয়। টুকরে টুকরে গ্যাং, যারা দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করতে চায়, জাতীয়তাবাদের আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমনির বিনা দাসের মতো প্রতিবাদ করবেন।আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোন অত্যাচার অবিচার হলে আপনারা মা-বোনদের পাশে দাঁড়াতে পারেন, এমনভাবে নিজেরা ঐক্যবদ্ধ থাকুন।’
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। চলছে উপভোক্তাদের নথি যাচাই। ইতিমধ্যেই ১ কোটি ৬২ লক্ষ নথি যাচাই শেষ হয়ে গিয়েছে। ১৯ অগাস্ট ফের খুলবে অন্নপূর্ণা পোর্টাল, ২০ অগাস্ট পর্যন্ত মিলবে টাকা। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের আপনাদের কারোর কাছে যেতে হবে না। মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে।’ কোন টেকনিক্যাল সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চা নেতৃত্ব দের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি বিধানসভা কেন্দ্রে নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেওয়ারও কথা বলেছেন।















































